সাম্প্রতিক অতিবৃষ্টি এবং ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সভায় বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে। বন্যার্ত মানুষের জন্য প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে দ্রুত সেগুলো চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং জরুরি অবস্থায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য রেসকিউ বোট বা নৌকার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ত্রাণ ও খাদ্য দুর্গতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পানি রোগের বিস্তার রোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
অতিবৃষ্টি পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ বলেন, “সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্গত মানুষের জন্য ত্রাণ ও বিশুদ্ধ পানি সরবরাহে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত আছি।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি
জানান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে, ফলে পানি দীর্ঘসময় আটকে থাকার ঝুঁকি অনেকটাই কমেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন সময়ে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।