ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন মো. জহুরুল ইসলাম বাবু। শুক্রবার (২৬ জুন) রাতে পৌর এলাকার ১ নং ওয়ার্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ভোটারদের সাথে সরাসরি কথা বলেন।
সভায় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়ের পাশাপাশি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রানা খানের সঞ্চালনায় এবং নুর ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আনিসুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, অরুন দা, সিদ্দিক মিয়া, আব্দুল মান্নান, খোকন আলী, মাহাবুব এবং আব্দুল আওয়ালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজের বক্তব্যে মো. জহুরুল ইসলাম বাবু পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবারের সন্তান। নির্বাচিত হলে পৌরসভাকে দুর্নীতিমুক্ত, সুন্দর ও সঠিক ব্যবস্থাপনায় ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি।
পৌরবাসীর প্রধান সমস্যাগুলোর বিষয়ে তিনি আরো বলেন, নাগরিকদের সঠিক ও দ্রুত সেবা প্রদানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং ১ নং ওয়ার্ডসহ পুরো পৌরসভার রাস্তাঘাট ও যাতায়াত ব্যবস্থার দুর্দশা লাঘবে কাজ করবেন। তিনি অভিযোগ করেন যে, পৌরসভায় ট্যাক্স দেওয়ার পরেও নাগরিকরা রাস্তাঘাট বা বাতির মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। হালুয়াঘাট সদর ও বাজারের মতো উন্নত আলোক ব্যবস্থা প্রতিটি ওয়ার্ডের রাস্তায় নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে আপনাদের আর কাদা-মাটি পেরিয়ে চলাচল করতে হবে না। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনারা স্বাচ্ছন্দ্যে জুতা পরেই চলাচল করতে পারবেন, এটাই আমার অঙ্গীকার।”
সবশেষে, পৌর এলাকার সার্বিক উন্নয়নে ভোটারদের সহযোগিতা ও দোয়া চেয়ে তিনি তার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।